কুয়েট অধ্যাপকের ওপর হামলার ঘটনায় শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মুহাঃ রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। বুধবার (১২ আগস্ট ২০২৬) আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটের দিকে নগরীর মুজগুন্নি আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষমাণ থাকা অবস্থায় অধ্যাপক ড. মুহাঃ রফিকুল ইসলাম দুইজন বহিরাগত সন্ত্রাসীর হামলার শিকার হন। হামলায় তিনি আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি অবহিত হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও কুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাঃ রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। শিক্ষক সমিতি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছে। একই সাথে সামগ্রিক বিষয় তদারকি সহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে ।



