১ ও ১২নং ওয়ার্ডে চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি নগর প্রশাসকের পরিদর্শন

স্টাফ রিপোর্টার ঃ ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মহানগরীর মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত ক্রাশ প্রোগ্রাম চলমান আছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শুক্রবার সকাল থেকে নগরীর ১ ও ১২নং ওয়ার্ডে চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শন করেন। বিশেষ করে তিনি ১নং ওয়ার্ডের মহেশ^রপাশা রানার মাঠ ও ১২নং ওয়ার্ডের ১নং ক্যাম্প বিহারী কলোনী সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি’র পক্ষ থেকে সম্ভব সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের হারের ওপর নির্ভর করে রেড, ইওলো ও অরেঞ্জ জোনে মহানগরীকে ভাগ করে কেসিসি’র কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ঘনবসতি এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি নিজ পরিবার ও সন্তানদের নিরাপদ রাখতে কেসিসি পরিচালিত কর্মসূচির পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সেদিক লক্ষ্য রাখার পাশাপাশি পানি জমে থাকে এমন স্থানগুলি নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখার আহবান জানান। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক সাদিকুর কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল জলিল হাওলাদার, শাহানাজ পারভীনসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।


