মণিরামপুরে শাপলা তুলতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ মণিরামপুরে শাপলা তুলতে নেমে ধানখেতে জমে থাকা পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
নিহত দুই শিশু ইয়াসমিন খাতুন (৬) ও জিসান হোসেন (১০) স্থানীয় হাজরাকাঠি মহিলা আলীম মাদরাসার প্রথম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ইয়াসমিন হাজারাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ও জিসান একই গস্খামর মফিজুর রহমানের ছেলে। হাজরাকাঠি মহিলা আলীম মাদরাসার শিক্ষক একে আজাদ জানান, শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় পারখাজুরা বাঁওড় পাশ^বর্তী হাজরাকাঠি দাসপাড়া মোড় সংলগ্ন জলাবদ্ধ ধানখেতে এলাকার ৫/৬জন শিশু শাপলা তুলতে নামে। এ সময় শিশু ইয়াসমিন পানিতে ডুবে যেতে থাকে। তখন জিসান তাকে উদ্ধার করতে যায় । পরে দু’জনের কেউ পানি থেকে উঠে আসতে না পেরে ডুবে মারা যায়। স্বজনরা ডুবে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান,হাজারাকাঠি গ্রামের দুই শিশুর অকাল মৃত্যুতে হাজরাকাঠি মহিলা আলীম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



