প্রথম দিনেই সংসদে হট্টগোল

# বিরোধী দলের ওয়াক আউট #
# স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘শাহবাগ’ ‘পল্টন’ প্রসঙ্গে সংসদে উত্তেজনা #
প্রবাহ রিপোর্ট ঃ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই এক ঘণ্টার মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংসদ সদস্যদের ওপর হামলা নিয়ে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের প্রথম বৈঠকের কার্যক্রম শুরু হয়। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম। সরকারের ছয় মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থÑ এমন প্রশ্ন করাকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র হট্টগোল হয়। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থÑ এটা শাহবাগ ও পল্টনে বলা যায়। সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।’ হাসনাত আবদুল্লাহ সরকারের গত ছয় মাসের অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, তিনি সফল না ব্যর্থ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো প্রশ্ন নয়, বরং ‘পল্টনের বক্তব্য’। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নিÑ এমন নির্দিষ্ট উদাহরণ দিতে তিনি বিরোধী সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘স্পেসিফিক করে বলতে হবে, কোন অপরাধে শাস্তি হয়নি।’ তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘শাহবাগ ও পল্টন’ প্রসঙ্গ উঠে আসার পর সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে উঠে প্রতিবাদ ও চিৎকার করতে থাকেন। পরিস্থিতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাই।’ পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সব সময় তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন এবং নিজেকে সংসদের শিক্ষক হিসেবে উপস্থাপন করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তার ছাত্র হতে সংসদে আসিনি। তিনি শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। সেখানে যার ইচ্ছা ভর্তি হবে, শিখবে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদের সৌন্দর্য ক্ষুণœ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সংসদের সৌন্দর্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে।’ রাতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট ঃ বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকতে ও গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা পাঁচ মিনিটে ওয়াক আউটের ঘোষণা দেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে।

