খুলনায় আবারও বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় শেখ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
নিহত শেখ জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকার হিরকের চায়ের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আবু সাইদ বলেন, ‘ভাইয়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসেছি। কোথায়, কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারিনি। আমি বাইরে ছিলাম।’
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, গুলিতে জাকির হোসেন নামে একজন নিহত হয়েছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত ৫ নভেম্বর ডুমুরিয়ায় গুলিতে নিহত হন শেখ তরিকুল ইসলাম (৩৫)। তিনি পেশায় মাছের ঘের ব্যবসায়ী ছিলেন। তরিকুল ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। ওই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার জোড়া বটতলা এলাকার গাফফারের চায়ের দোকানে তাঁকে গুলি করা হয়। পরপর এসব হত্যাকা-ের ঘটনায় খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।



