স্থানীয় সংবাদ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

বাগেরহাট প্রতিনিধি ঃ
চরম অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারনে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ১৫ মাস বয়সি শিশু ছেলেকে বিক্রি করে দিয়েছেন অনিকা আক্তার নামের এক মা। বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুছেলেকে বিক্রির এ ঘটনা ঘটে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে । মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে বসে হাসান চৌধুরীর নামে এক যুবকের সাথে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আলামিন নামের এক ছেলে সন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৩ মাস। অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের খোঁজ খবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। এক পর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশুছেলেকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন। পরে জানা গেছে ওই শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলায় বিক্রি করা হয়েছে ৬০ হাজার টাকায় বলে জানা গেছে। এখন পর্যন্ত ক্রেতার পূর্ণ পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। তবে ৬০ হাজার টাকা লেনদেন হলেও শিশুটির মা পেয়েছে ৩০ হাজার টাকা। মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে একটি নিষ্পাপ শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। শিশুটিকে কার কাছে এবং কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে, সে বিষয়টিও এখনো পরিষ্কার নয়। শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় শিশুটিকে দ্রুত উদ্ধার, ক্রেতার পরিচয় শনাক্ত এবং পুরো ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছন স্থানীয়রা। এ ঘটনা বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, শিশুটি বিক্রয়ের সাথে জড়িত ও শিশুটির মা অনিকা আক্তারসহ অভিভাবকদের তার দপ্তরে হাজির হতে বলা হয়েছে। বিস্তারিত শুনে পরবর্ত্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button