স্থানীয় সংবাদ

খুলনায় নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ সম্মেলন সমাপ্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় নারীপক্ষ আয়োজিত তিন দিনব্যাপী ‘নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ’ বিভাগীয় সম্মেলন শেষ হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের ফলাফল তুলে ধরা হয়।
২০ থেকে ২২ আগস্ট অনুষ্ঠিত সম্মেলনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে তৃণমূল নারী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, তরুণ নারী ও রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দসহ ৮৬ জন অংশ নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারীপক্ষের সদস্য কামরুন নাহার। তিনি জানান, নারীর অধিকার প্রতিষ্ঠায় কাঠামোগত পরিবর্তন, তৃণমূল নারী আন্দোলন শক্তিশালীকরণ, আন্তঃপ্রজন্ম নেতৃত্বের বিকাশ এবং সহিংসতামুক্ত নারীর জীবন নিশ্চিত করার বিষয়ে সম্মেলনে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।
সম্মেলনে সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগ, সাইবার অপরাধের তথ্য-প্রমাণ সংরক্ষণ, অপরাধীদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ এবং নারীদের আত্মনির্ভরশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ‘জীবনের অধিকার’ অধিবেশনে বাংলাদেশে মৃত্যুদ- বিলুপ্তির দাবি জানানো হয়। এছাড়া নারী বিষয়ক সংস্কার কমিশনের ৪৩৩টি সুপারিশ থেকে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নযোগ্য সুপারিশ চিহ্নিত করা হয়। বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। সমাপনী পর্বে খুলনা বিভাগে নারীমুক্তির আন্দোলনকে সমন্বিতভাবে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নারীপক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাস।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button