বিনোদন

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি

প্রবাহ রিপোর্ট ঃ অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরের বাসভবন ‘কামরাঙ্গায়’ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে বিদ্যুতের মেইন লাইনের তার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অভিনেতা। এর আগে সোমবার (২৪ আগস্ট) রাতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে চুরির বিষয়টি জানতে পারেন তিনি। জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও মাসে অন্তত এক-দুবার ফরিদপুরের এই পৈতৃক ভিটায় আসেন ফজলুর রহমান বাবু। চারদিকে সীমানা প্রাচীরঘেরা এই বাড়িতে একটি দোতলা ভবন ও বাগান রয়েছে। ২০-২৫ দিন আগেও তিনি এসে দুই দিন থেকে ঢাকায় ফেরেন। সোমবার রাতে পুনরায় বাড়িতে ফিরে লাইট জ্বালানোর চেষ্টা করলে বিদ্যুৎ না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে পরীক্ষা করে দেখা যায়, বিদ্যুতের মেইন লাইন, এসির তার ও বাইরের কিছু মালামাল গায়েব হয়ে গেছে। এ বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, নেশার টাকা যোগাতে স্থানীয় মাদকসেবীরা এসব চুরি করছে। সম্প্রতি চোরের উপদ্রব বেড়ে যাওয়া এবং আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে উপস্থিত হয়ে একটি জিডি করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button