খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী মমিসহ ৩ সহযোগী র্যাবের অভিযানে গ্রেপ্তার

# আসামীদের দৌলতপুর থানায় হস্তান্তর #
# মাদক, হত্যাপ্রচেষ্টা ও মারামারি মামলায় আটক #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মমিসহ তিন সহযোগীকে বুধবার (২৬ আগস্ট) সকালে দৌলতপুর থানাধীন দত্তবাড়ি এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব-৬।
গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতপুর থানাধীন পাবলা দত্তবাড়ির এলাকার মৃত শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান ওরফে মমি, একই এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন, মান্নান সরদারের ছেলে মো. লিটন সরদার ও বিমল রায়ের ছেলে সুজয় রায়। গ্রেপ্তারকৃত আসামীদের বুধবার বেলা ৩ টার দিকে দৌলতপুর থানায় হস্তান্তর করেন র্যাব-৬’র অভিযানিক দল। গ্রেপ্তারকৃত আসামী মো. মেহেদী হাসান মমির বিরুদ্ধে চলতি মাসে দৌলতপুর থানার দুটি মাদক মামলা রুজু হয়, ওই মামলায় মমিকে এবং বাকি ৩ সহযোগী আসামীদ্বয়কে দৌলতপুর দত্তবাড়ী এলাকায় একটি হত্যাপ্রচেষ্টা ও গুরুতর মারামারি ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল পৌনে ৭ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫ নং ওয়ার্ডের তরুণ সেনা রোডের জাফর শেখের বাড়ির এক ভাড়াটিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা উল্লিখিত আসামিদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী মো. মেহেদী হাসান মমির বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে মোট ১৪ টি মামলা রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, দৌলতপুর থানাধীন দত্তবাড়ী এলাকায় বুধবার র্যাব-৬ এর সদস্যরা অভিযান পরিচালনা করে মমিসহ ৪ আসামীকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন। গ্রেপ্তারকৃত আসামী মমিকে মাদক মামলায় ও অপর তিন আসামীকে হত্যাপ্রচেষ্টা ও গুরুতর মারামারি ঘটনায় দায়ের হওয়া মামলায় আটক দেখানো হয়েছে। গতকাল দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। মামলার তদন্তের কার্যক্রম চলমান রয়েছে।



