গ্রামের বাড়িতে ৯ প্রবাসীর দাফন সম্পন্ন

প্রবাহ রিপোর্ট ঃ সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকা-ের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের লাশ দেশে আসার পর শুক্রবার (২৮ আগস্ট) স্ব স্ব এলাকায় দাফন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে রাজশাহীর একজন ও নাটোরের একজনের লাশ রয়েছেন। এছাড়া সাতজনের লাশ নওগাঁর আত্রাইয়ের। এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে লাশগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় লাশগুলো গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সগুলো লাশ নিয়ে পৌঁছায়। এর আগে এদিন বিকেল ৪টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে লাশগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। লাশগুলো নওগাঁর আত্রাইয়ে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছাঁয়া। এক নজর দেখতে আত্রাই থানা কম্পাউন্ডে রাত থেকেই ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বজনদের মাঝে লাশগুলো হস্তান্তর করা হয়। গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লাশগুলো শনাক্তের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকা-ে ১৬ জন বাংলাদেশি কর্মী মৃত্যু হয়। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা করে নয়জন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। ইতোমধ্যে লাশগুলো বাংলাদেশে পাঠানোর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটযোগে ২৭ আগস্ট বিকেল ৪টা ৫ মিনিটে লাশগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন- আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গ-গোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, সৌদি আরবের অগ্নিকা-ে নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি লাশগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান। এদিকে নিহত রাজশাহীর বাগমারার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের প্রবাসী শ্যামল উদ্দিন মাঝির (৪৬) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় বাগমারা ইউএনও সেলিম আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, ঝিকরা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং ঝিকরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান রতনসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। রাত ৩টার দিকে শ্যামল উদ্দিন মাঝির কফিনবন্দি লাশ নজ বাড়িতে পৌঁছায়। দীর্ঘদিন পর প্রিয় মানুষটি দেশে ফিরবেন, এমন অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা।



