আন্তর্জাতিক

হরমুজ প্রণালী বন্ধই থাকবে : দ্রুত খোলার তাড়া নেই: ইরান

প্রবাহ রিপোর্ট ঃ হরমুজ প্রণালী এখনো বন্ধ রয়েছে এবং এটি দ্রুত খুলে দেওয়ার কোনো তাড়া ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ঘারিবাবাদি বলেন, হরমুজ প্রণালী এখনো বন্ধ। এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় ও অনুমতি নিয়েই করতে হবে। তিনি বলেন, প্রণালীতে জাহাজ চলাচলের ওপর ইরানি বাহিনীর ‘পূর্ণ নজরদারি’ রয়েছে। ইরানের সঙ্গে সমন্বয় ছাড়াই জাহাজ চলাচল করছে-এমন দাবিও তিনি প্রত্যাখ্যান করেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তবে এই সমঝোতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। এর বাস্তবায়ন নির্ভর করছে যুক্তরাষ্ট্র তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে কি না, তার ওপর। ঘারিবাবাদি বলেন, এই সমঝোতার মাধ্যমে ইরান স্পষ্ট করেছে যে তারা কূটনীতিতে ফিরে যেতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে। ওয়াশিংটন কোনো পদক্ষেপ নিলে তেহরানও তার পাল্টা পদক্ষেপ নেবে বলে সতর্ক করেন তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তথ্যসূত্র: আলজাজিরা ও রয়টার্স।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button