সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা : ‘প্যারা পনি’ গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে সংঘটিত স্কুলশিক্ষিকা রনজিনা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। এসময় হত্যাকা-ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাজধানীর বসিলা এলাকা থেকে ওই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস। তিনি জানান, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে স্কুলশিক্ষিকা রনজিনা হত্যাকা-ের ঘটনায় মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে তার এক সহযোগী ও ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর বসিলায় মোহাম্মদপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। ব্রিফিংয়ে বক্তব্য দেবেন র্যাব-২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। এর আগে শনিবার (২৯ আগস্ট) চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান প্রধান শিক্ষক রনজিনা পারভীন। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।



