জাতীয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রবাহ রিপোর্ট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতের অংশে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে চিমটিবিল সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সীমান্তের কাছে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তার পরনের পোশাক দেখে বাংলাদেশি বলে ধারণা করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সোহাগ মিয়ার বলে শনাক্ত করেন। তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের চাচা আবদুল কাদির বলেন, সোহাগ সীমান্ত এলাকায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। সেখানে বিএসএফ তাকে গরু চোরাকারবারি সন্দেহে গুলি চালায়।
বিজিবি হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ঘটনার পরপরই বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। চিমটিবিল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। বিএসএফ গরু চোরাকারবারি শনাক্ত করে গুলি চালালে সোহাগ মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button