নেপালি প্রধান শিক্ষকের সিদ্ধান্তে বেঁচে যায় ৯০০ শিক্ষার্থী

প্রবাহ রিপোর্ট ঃ নেপালে ভয়াবহ বন্যার আগে প্রায় ৯০০ শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নিয়ে বড় ধরনের প্রাণহানি ঠেকিয়েছেন এক প্রধান শিক্ষক। বন্যায় তার স্কুলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সময়মতো নেওয়া সিদ্ধান্তে শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে। নুওয়াকোটের ত্রিভুবন ত্রিশূলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি জানান, কয়েক মিনিটের মধ্যে ভিন্ন চারজনের কাছ থেকে তিনি বন্যার আশঙ্কার সতর্কবার্তা পান। তাদের কয়েকজন জানান, উজানের বেত্রাবতী এলাকায় ইতোমধ্যে বন্যার পানি ঢুকে পড়েছে। এরপর আর দেরি করেননি দাওয়াদি। প্রায় ৯০০ শিক্ষার্থীকে দ্রুত উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বিবিসিকে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিলাম, আর দেরি করা উচিত নয়। বন্যা না এলেও সর্বোচ্চ এক দিনের ক্লাসই তো নষ্ট হবে।’ শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার সময়ই তিনি দেখতে পান, নদী থেকে মাত্র ১০০ মিটার দূরের একটি আবাসিক ভবন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। দাওয়াদির ভাষায়, ‘আমরা যদি ১০ মিনিট পরে সিদ্ধান্ত নিতাম, তাহলে শিক্ষার্থীসহ আমাদের কেউই আজ আপনার সঙ্গে কথা বলতে পারতাম না।’ বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৬০০-এর কিছু বেশি। সময়মতো সতর্কতা পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রায় ৯০০ শিক্ষার্থীকে সরিয়ে নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।



