লেস্টার ছেড়ে শেফিল্ডে গিয়ে ‘ভীষণ ভালো লাগছে’ হামজার

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ লেস্টার সিটি ছেড়ে স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ট্রান্সফার ডেডলাইনের ঠিক আগে ব্রামাল লেনে অভিজ্ঞ এই ফুটবলারকে ফিরিয়ে এনে দলে গুরুত্বপূর্ণ একটি অপশন যোগ করেছেন ব্লেডস কোচ ক্রিস ওয়াইল্ডার। ২৮ বছর বয়সী হামজার সঙ্গে প্রথম দফায় এক বছরের চুক্তি করেছে ক্লাবটি। ২০০৬ সালে শিশু বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেওয়ার পর দীর্ঘ প্রায় দুই দশক ফক্সদের ডেরায় কাটিয়েছেন হামজা। সেই দীর্ঘ সম্পর্কের ইতি টেনে দক্ষিণ ইয়র্কশায়ারে ফিরলেন তিনি। এর আগে ২০২৪-২৫ মৌসুমের প্রথমার্ধে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছিলেন এই অলরাউন্ডার। সেবার সমর্থক ও ম্যানেজমেন্টের দারুণ প্রিয়পাত্র হয়ে ওঠার পাশাপাশি ব্লেডদের চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। শেফিল্ডে নতুন অধ্যায় শুরু করা নিয়ে উচ্ছ্বসিত হামজা বলেন, ‘আমি সত্যিই খুব আনন্দিত। এর আগে যখন এখানে ছিলাম, সময়টা চমৎকার কেটেছিল। তাই চুক্তিটা চূড়ান্ত হওয়ায় ভীষণ ভালো লাগছে। ওয়াটফোর্ডে এবং শেফিল্ডে কোচের সঙ্গে কাজ করার সুবাদে তাঁর সঙ্গে সবসময় যোগাযোগ ছিল। তাঁর অধীনে খেলাটা আমি উপভোগ করি। লেস্টারে প্রায় ২০ বছর কাটানোর পর এটি আমার এবং পরিবারের জন্য বড় এক পরিবর্তন। তবে আমি এই নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি এবং আশা করি আমাদের একটি দুর্দান্ত মৌসুম কাটবে।’ মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও রাইট-ব্যাক পজিশনেও সমান পারদর্শী হামজা। গত মঙ্গলবার ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে শেফিল্ডের নিয়মিত রাইট-ব্যাক ফেমি সেরিওকি চোট পাওয়ায় একজন অভিজ্ঞ ব্যাকআপের খোঁজে ছিল দলটি। হামজার এই বহুমুখী প্রতিভা ও অভিজ্ঞতা ক্রিস ওয়াইল্ডারের দলকে নতুন শক্তি জোগাবে। লেস্টারের হয়ে ২০২১ সালের এফএ কাপ এবং ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। হামজাকে দলে পেয়ে শেফিল্ড ম্যানেজার ক্রিস ওয়াইল্ডার বলেন, ‘কার্ডিফ ম্যাচের পরই আমি বলেছিলাম, দলে নতুন শক্তি যোগ করা প্রয়োজন। চোটের বর্তমান পরিস্থিতিতে রাইট-ব্যাক পজিশনে প্রতিযোগিতা বাড়ানোটা অত্যন্ত জরুরি ছিল। হামজা কেবল সেই ঘাটতি পূরণ করবে তা নয়, এর চেয়েও অনেক বেশি কিছু দেওয়ার সামর্থ্য তার আছে। আগেরবার সে যখন এখানে খেলেছে, শেষ ১০ ম্যাচে আমাদের সেরা খেলোয়াড় ছিল বলা যায়। মাঠে শারীরিক শক্তির লড়াই ও সামর্থ্য দিয়ে সে ক্লাবের মানসিকতার শতভাগ প্রতিফলন ঘটায়। সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, যে শীর্ষ পর্যায়ে ট্রফি জিতেছে এবং ক্লাবের ড্রেসিংরুমেও বড় প্রভাব ফেলবে।’ জানা গেছে, লেস্টার সিটি লিগ ওয়ানে অবনমিত হওয়ায় বেতন খরচ কমাতে হামজাকে প্রায় বিনামূল্যেই শেফিল্ডের হাতে ছেড়ে দিয়েছে। ট্রান্সফার উইন্ডো আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ব্রামাল লেনে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ রয়েছে তাঁর। উল্লেখ্য, গত কয়েক দিনের ব্যবধানে ডার্বি কাউন্টিকে হতাশ করে এটি শেফিল্ডের দ্বিতীয় চমক। ডার্বি কাউন্টি বেন ব্রেরেটন দিয়াজ ও হামজা চৌধুরী, দুজনকেই নিজেদের দলে ভেড়াতে চেয়েছিল। কিন্তু ডার্বির আশা ভেস্তে দিয়ে দুজনকেই নিজেদের তাঁবুতে টেনে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড।



