চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রবাহ রিপোর্ট : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে এই বৈঠকে সীমান্ত রক্ষায় বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, “সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সীমান্ত সুরক্ষায় বিজিবিতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগেরও প্রশংসা করেন রাষ্ট্রপ্রধান। এ বিষয়ে বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাতে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।



