জাতীয় সংবাদ

নতুন পে-স্কেল ‘ঐতিহাসিক’, সরকারের প্রতি কৃতজ্ঞতা

# প্রধানমন্ত্রীর প্রতি সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের কৃতজ্ঞতা #

প্রবাহ রিপোর্ট ঃ সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনটি নতুন পে-স্কেলকে স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের জন্য ‘ঐতিহাসিক, অন্যতম শ্রেষ্ঠ ও যুগোপযোগী’ বেতন কাঠামো হিসেবে অভিহিত করেছে। সোমবার (৩১ আগস্ট) নতুন বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদনের পর দেওয়া এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম এ কৃতজ্ঞতা জানান। সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, অতীতে কোনো বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের জন্য এত ব্যাপক সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। বিশেষ করে নিম্নআয়ের সরকারি কর্মচারীদের প্রতি নতুন পে-স্কেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন বেতন কাঠামোয় ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে নিম্নআয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কাঠামোয় প্রতিবন্ধী ভাতা ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে মো. নুরুল ইসলাম বলেন, সব সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালু এবং টিফিন ভাতা তিনগুণ করার কথা তুলে ধরা হয়েছে। নিম্নআয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতেও বিশেষ সুবিধা রাখা হয়েছে বলে জানানো হয়। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বলেন, দীর্ঘ ১১ বছর বেতন কাঠামোর পরিবর্তন না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তিনি বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের আর্থিক স্বচ্ছলতা বাড়ার পাশাপাশি তাঁদের কর্মস্পৃহা, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। সংযুক্ত পরিষদের সভাপতি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি পূরণ হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা এবং তাঁর সরকারের সমৃদ্ধি, সাফল্য ও দেশ পরিচালনায় উত্তরোত্তর সফলতা কামনা করেছে সংগঠনটি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button