রাতভর অভিযানে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসীসহ আটক ১৫

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও যাত্রাবাড়ী এলাকায় রাতভর অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিসহ ১৫ জনকে আটক করেছে র্যাব-২। অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, গুলি, ধারালো অস্ত্র, বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা, গানপাউডার ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মোহাম্মদপুর থানাধীন বটতলা এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. জাহিদ কাদেরী ওরফে মোল্লা জাহিদকে ৯০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। একই রাতে মোহাম্মদপুরের লাউতলা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম সরকার ওরফে রাব্বি (৩০)-কে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। একই এলাকা থেকে কিশোর গ্যাংয়ের লিডার মো. রিয়াদ হোসেন ওরফে রজব আলীকে (২১) একটি চাপাতি এবং মো. রমজানকে (২৪) একটি সামুরাইসহ আটক করা হয়। অন্যদিকে, মোহাম্মদপুর থানাধীন কিশলয় স্কুল এলাকা থেকে ছিনতাইকারী মো. ইয়াসিন কবির ওরফে অয়নকে (২২) একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। সাত মসজিদ হাউজিং এলাকা থেকে মো. নাজমুলকে (২৩) একটি সামুরাইসহ এবং লিমিটেড এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. জুনায়েদকে (২৫) আটক করা হয়। মেজর মুবীন রহমান জানান, এ ছাড়া শিয়া মসজিদ এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. বাবু (৩০) এবং মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে ছিনতাই মামলার আসামি মো. মাহবুবকে (৪৫) আটক করা হয়। একই অভিযানে সাত মসজিদ হাউজিংয়ের জনতাবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যদিকে, র্যাবের আরেকটি দল শেরেবাংলা নগর থানাধীন তালতলা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পাঁচটি মাদক মামলার আসামি মো. মনির বেপারীকে (৪০) আটক করে। একই দল তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ গ্রাম হেরোইন ও ৮২০ গ্রাম গানপাউডার উদ্ধার করে। এদিকে, মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বেড়িবাঁধের শুঁটকির আড়ত এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. শামীমকে (২৫) একটি সামুরাইসহ আটক করা হয়। অন্য একটি অভিযানে যাত্রাবাড়ী থানাধীন মুক্তিযোদ্ধা রোড এলাকা থেকে মো. জাকির হোসেন (৩৮), মো. রফিকুল ইসলাম সুমন (৪৫), সোলায়মান হোসেন রাজু ওরফে রাজিব (৩২) এবং মো. শফিকুর রহমানকে (৩৮) ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে জাহিদ কাদেরীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে। ইব্রাহিম ওরফে রাব্বির বিরুদ্ধে দস্যুতার একটি মামলা রয়েছে। মনির বেপারীর বিরুদ্ধে মাদকের পাঁচটি মামলা ও দুটি ওয়ারেন্ট রয়েছে। রমজানের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনে তিনটি মামলা এবং রিয়াদের বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে। এছাড়া মাহবুব হোসেনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকের দুটি মামলা, সোলায়মান হোসেন রাজু ওরফে রাজিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানায় দাঙ্গা, মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও মাদকের চারটি মামলা রয়েছে। শফিকুর রহমানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় চুরি, মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও মাদকের তিনটি মামলা, রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকের একটি এবং জাকিরের বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-২-এর এই কর্মকর্তা।


