হাতিরঝিলের পানিতে মিলল ৪৮ রাউন্ড গুলি

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর হাতিরঝিলের পানিতে ডুব দিয়ে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে গিয়ে একটি পিস্তলের চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি পেয়েছেন এক অপেশাদার ডুবুরি। পরে আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার করা এসব গুলি ও চার্জার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. নাজমুল সাকিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচে লেকের পানিতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মো. সেলিম নামে এক অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন, ভাঙা লোহা, স্বর্ণালংকার, কয়েনসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করছিলেন। এসব সামগ্রী সংগ্রহ করে তিনি বিক্রি করেন। এ সময় মহানগর পূর্ব ডিউটি পোস্টে দায়িত্ব পালনরত আনসার সদস্য রিপন ডুবুরির গতিবিধি লক্ষ্য করেন। ডুবুরি পানির নিচ থেকে কী উদ্ধার করছেন, তা দেখতে তিনি ব্রিজের ওপর অবস্থান নেন। একপর্যায়ে ডুবুরি পানির নিচ থেকে গুলিসদৃশ কিছু বস্তু ও একটি পিস্তলের চার্জার উদ্ধার করে ওপরে তোলেন। বিষয়টি জানতে চাইলে তিনি পানির নিচে গুলিসদৃশ বস্তু পাওয়ার কথা জানান। পরে আনসার সদস্যের অনুরোধে উদ্ধার করা সামগ্রীগুলো ওপরে আনা হয়। তিনি আরও জানান, পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা সামগ্রীগুলো পিস্তলের গুলি। পরে একটি পিস্তলের চার্জারসহ মোট ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতিরঝিল আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো. মাহামুদ আলীকে জানানো হয়। পরে আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা চার্জার ও ৪৮ রাউন্ড গুলি হাতিরঝিল থানায় হস্তান্তর করেন।


