নেপালে বন্যায় বাড়ছে প্রাণহানি : নিখোঁজ ৪ হাজারের বেশি

প্রবাহ রিপোর্ট ঃ নেপালে ভয়াবহ বন্যায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা। এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ মিলেছে। নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ। দুর্গম এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দেশটির নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ পান উদ্ধারকারীরা। পাশাপাশি ভারতের গ-ক নদী থেকে আরও ১৩ জনের মরদেহ পাওয়া গেছে। এসব মরদেহ নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। টানা দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধারকাজ ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। ধসে পড়া সড়ক ও বিরূপ আবহাওয়ার কারণে দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।



