জাতীয় সংবাদ

ইরানে বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন হামলা : নিহত অন্তত ৫

প্রবাহ রিপোর্ট ঃ দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকায় হামলাটি চালানো হয়। সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, আহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু। তাদের সবাইকে কাছের মিনাব শহরের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্য প্রকাশ করেছে। শিশুটির ভাষ্য, বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগে তারা যুদ্ধবিমানের শব্দ শুনেছিল। সেখানে পৌঁছানোর পর বিস্ফোরণে ইট, পাথর ও সিমেন্টের টুকরা ছিটকে পড়ে সে নিজেসহ আরও অনেকে আহত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের দক্ষিণাঞ্চলে নতুন দফা হামলার কথা জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলার চেষ্টার পর এসব অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক স্থাপনা, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই হামলার নিন্দা করে বলেন, এই ঘটনাকে এর আগে ইরানে ঘটে যাওয়া হামলার ধারাবাহিকতা থেকে আলাদা করে দেখা যায় না। তিনি মিনাব ও লামার্দে আগের হামলার কথাও উল্লেখ করেন। তবে ওই অতিরিক্ত হতাহতের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। কুয়েতও ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button