খুলনা বিভাগে ডেঙ্গুতে নতুন ভর্তি ৬০

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ৪ সেপ্টেম্বর ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬০ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯১ জনে। এদিকে চলতি বছরে এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত চিকিৎসা শেষে ৫ হাজার ৫৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে ১৫৭ জনকে।
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৩১ জন, বাগেরহাটে ৮ জন, সাতক্ষীরায় ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, নড়াইলে ৮ জন এবং মেহেরপুরে ৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় নতুন রোগী ভর্তি হয়নি।খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃত্যু ২১ জন হলেও গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু না হওয়াকে কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। তবে প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।



