স্থানীয় সংবাদ

খুলনায় সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির দুই সদস্য : সহোদর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনায় সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। তাঁরা আপন দুই ভাই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শামীম সরদার ওরফে ঢাকাইয়া শামীম এবং শুক্রবার রাতে তাঁর বড় ভাই মাসুম সরদার ওরফে ঢাকাইয়া মাসুমকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকা থেকে শামীম সরদার ওরফে ঢাকাইয়া শামীমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর গোবরচাকা মেইন রোড এলাকার সামসুল হক সরদারের ছেলে।
এর এক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে একই থানার গোবরচাকা নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁর বড় ভাই মাসুম সরদার ওরফে ঢাকাইয়া মাসুমকে (৪০)। তিনিও একই ঠিকানার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মাসুম ঢাকাইয়া শামীমের আপন বড় ভাই। কেএমপির দেওয়া তথ্য অনুযায়ী, শামীমকে কথিত বি-কোম্পানির সক্রিয় সদস্য ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দ-বিধিসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, মাসুমের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাজা পরোয়ানাসহ বিভিন্ন মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। কেএমপি জানিয়েছে, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button