প্রধানমন্ত্রীকে বিএফইউজে-এমইউজে খুলনার অভিনন্দন

# হুইপ রকিবুল ইসলাম বকুলকে সংসদীয় কমিটির সভাপতি করায় #
খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে ‘সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি’র সভাপতি নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, দলের ত্যাগী জননেতা রকিবুল ইসলাম বকুলকে ‘সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি’র সভাপতি করার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও প্রজ্ঞাপূর্ণ। তাঁর যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে দেশের সড়ক, রেল ও সেতু খাতের চলমান উন্নয়নমূলক কর্মকান্ড আরও গতিশীল হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা খুলনার সার্বিক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধিত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন এই অর্পিত দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



