দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিলে ছাড় নয়

# নেতাকর্মীদের তারেক রহমান #
প্রবাহ রিপোর্ট ঃ দলের নাম ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি বা কষ্ট দিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সারা দেশের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে সতর্ক হতে হবে। আমার এই প্রিয় দলের নাম ব্যবহার করে কেউ যাতে দলকে বিব্রত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন এমন কোনো কাজ করতে না পারে, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। আজকের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই হোক আমাদের প্রতিজ্ঞা ও শপথ। এ সময় তিনি বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত, গুম হওয়া ও আহত হাজারো নেতাকর্মীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে দলটি ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর মধ্যে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে।



