স্থানীয় সংবাদ

মোল্লাহাটে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর ) শিশুটির পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় যৌন পীড়ন বা শ্লীলতাহানির অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১লা সেপ্টেম্বর সকাল সাতটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পাশের বাড়ির খোকা শেখ শিশুটিকে জাপটে ধরে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণের উদ্দেশ্যে জোর করে তার পোশাক খুলতে চেষ্টা করেন। এসময় ভুক্তভোগীর পিতা বাড়িতে ফিরে শিশুটির চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে দ্রুত পালিয়ে যান। পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তারা কোনো বিচার পাননি। তাদের আরও অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় এক ইউপি সদস্যের পক্ষ থেকে তৎপরতা চালানো হয়েছে। এদিকে অভিযুক্তের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে তাদের সামাজিকভাবে হেয় করতে এ অভিযোগ করা হয়েছে। তাঁর দাবি, তার স্বামী একজন বৃদ্ধ ও প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ভাতা পান।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতার ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তারা। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button