এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ : বাকিরাও শনাক্ত

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ছাড়া হত্যাকা-ের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে গ্রেপ্তার জহিরুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহত আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। রোববার দুপুরে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম। তবে তিনি গ্রেপ্তার ব্যক্তির বিস্তারিত পরিচয় ও মামলার অন্যান্য তথ্য জানাননি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন। এর আগে, শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের একটি দলের বাগ্বিত-া হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, রাত ৯টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে গুরুতর আহত করা হয়। পরে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ব্লক রেইড পদ্ধতিতে অভিযান চালায়। তিনি বলেন, এ ঘটনায় মূল অভিযুক্ত জহিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি রাখা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আসামির স্বীকারোক্তি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির উপপরিদর্শক (এসআই) ছিলেন। তবে তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না; ঢাকার একটি জোনে কর্মরত ছিলেন। সাভারের আমিনবাজার এলাকায় তার জায়গা রয়েছে।



