খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলাওয়ারি হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৫৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ১২৩ জনে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮০৬ জন। একই সময়ে সন্দেহজনক হাম ও নিশ্চিত হামÑউভয় ক্ষেত্রের মৃত্যুর তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ১৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় নতুন করে ৯ জন, মাগুরায় ৬ জন, নড়াইলে ৫ জন এবং সাতক্ষীরায় ১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
দীর্ঘ সময়ের হিসাবেও বিভাগের কয়েকটি জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা উল্লেখযোগ্য। এর মধ্যে কুষ্টিয়ায় ২ হাজার ৬২০ জন, খুলনায় ১ হাজার ৭৮০ জন, টিলায় ১ হাজার ৬১৩ জন, ঝিনাইদহে ৮৯৭ জন, যশোরে ৮৫৭ জন এবং নড়াইলে ৭৩৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে মোট সন্দেহজনক হামে মৃত্যু হয় ৩৬ জনের। নিশ্চিত হামে শনাক্ত হয় ৩৬৯ জনের। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা গেছে, বিভাগজুড়ে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত রোগী শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম চলছে। নতুন করে সন্দেহজনক রোগী শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট জেলাগুলোতে স্বাস্থ্য বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে।
হাম সংক্রমণ নিয়ন্ত্রণে সন্দেহজনক রোগীদের দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা এবং আক্রান্তদের বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।



