স্থানীয় সংবাদ

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বতুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি বতুল বাজার গ্রামের বাসিন্দা মুকুল সানার মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলছিল জান্নাতি। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে খোঁজ করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে পুকুর থাকায় ছোট শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ঘটনাটি জানাজানি হলে বতুল বাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের বিষয়ে পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে অল্প বয়সী শিশুদের একা খেলতে না দেওয়া এবং পুকুরের আশপাশে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button