স্থানীয় সংবাদ

নামাজে যাওয়ার পথে হামলায় একই পরিবারের তিনজন আহত

স্টাফ রিপোর্টারঃ খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের বিরোধের জেরে এশার নামাজ পড়তে যাওয়ার পথে একই পরিবারের তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৮টা ১০ মিনিটের দিকে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামে শহীদ দর্জির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হামলায় ইবাদুল হক (৫২) গুরুতর আহত হয়েছেন। তাঁর ভাই বক্তিয়ার রহমান ও ছেলে সাকিবুল হাসানও আহত হয়েছেন। আহত ইবাদুল হক কমলাপুর গ্রামের মৃত সহিল উদ্দিন গাজীর ছেলে। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাপ্পি, হাবিল গাজী, বাবু সানা ও রাসেল তাঁদের ওপর বাঁশ, কাঠ ও স্ল্যাব দিয়ে হামলা চালান। এতে সাকিবুলের কান ও মাথায় গুরুতর জখম হয়। ইবাদুলের মাথায়ও গুরুতর আঘাত লাগে। আহতদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের ৪ সেপ্টেম্বরের ছাড়পত্রে ইবাদুলের শারীরিক অবস্থাকে হেড ইনজুরি ফলোয়িং হিস্ট্রি অব ফিজিক্যাল অ্যাসল্ট উল্লেখ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) রেফার করা হয়। পরে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে। সাকিবুলের কানে সেলাই দিতে হয়েছে বলেও স্বজনরা জানান। ইবাদুলের বড় ভাই বক্তিয়ার রহমান বলেন, প্রায় এক থেকে দেড় বিঘা জমি ও মাছের ঘেরের হাঁড়ির টাকা নিয়ে চার বছর ধরে তাঁদের সঙ্গে ওই পক্ষের বিরোধ চলছে। তাঁদের দাবি, নিজেদের জমিতে অন্য পক্ষ ঘের করেছে এবং ঘেরের আয় বা পাওনা নিয়মিত দেওয়া হচ্ছে না। বিরোধ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি।
বক্তিয়ার রহমানের ভাষ্য, ঘটনার দিন স্থানীয় এক রাজনৈতিক নেতার মধ্যস্থতায় বিরোধ মেটাতে তাঁদের ডাকা হয়। সেখানে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৈঠক আর হয়নি। হামলার আশঙ্কায় তাঁরা সেখান থেকে সরে আসার চেষ্টা করেন। পরে এশার নামাজ পড়তে যাওয়ার পথে শহীদ দর্জির বাড়ির সামনে তাঁদের ওপর হামলা করা হয়।
তিনি আরও দাবি করেন, হামলার সময় নির্মাণাধীন একটি মসজিদের পাশে থাকা সেন্টারিংয়ের বাঁশ-কাঠ ও স্ল্যাব ব্যবহার করা হয়। হামলাকারীদের একজনকে আটক করা হয়েছিল বলেও তিনি জানান। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় অভিযোগ করা সম্ভব হয়নি জানিয়ে বক্তিয়ার রহমান বলেন, তাঁরা আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে খোঁজখবর নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button