স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ২৪২ ডেঙ্গু রোগী ভর্তি : মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং বাগেরহাটে একজনের ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৪২ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন।
জেলাভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন, বাগেরহাটে ১৭ জন, সাতক্ষীরায় ৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, যশোরে ৩৭ জন, ঝিনাইদহে ২ জন, মাগুরায় ২ জন, নড়াইলে ২ জন, কুষ্টিয়ায় ৩ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুরে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৬ হাজার ৫৭৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৭৮ জন। এ সময়ে উন্নত চিকিৎসার জন্য মোট ১৭৯ জনকে রেফার্ড করা হয়েছে।
এদিকে, প্রতিবেদনে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫ জনের। এর মধ্যে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বাগেরহাটে ২ জন এবং যশোরে ১ জনের মৃত্যু হয়।
বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চাপ সবচেয়ে বেশি। প্রতিবেদনে খুলনা জেলায় বর্তমানে ৩৮০ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮০ জন, বাগেরহাটে ১০৮ জন, সাতক্ষীরায় ১৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, যশোরে ৯৮ জন, ঝিনাইদহ ১৭ জন, মাগুরায় ১৪ জন, নড়াইলে ২৩ জন, কুষ্টিয়ায় ১২ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মেহেরপুরে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button