গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৮১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৮১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে কোনো সন্দেহজনক হামজনিত মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১০ হাজার ৮৪০ জনের সন্দেহজনক হামে রোগী । এর মধ্যে ১০ হাজার ৩৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সন্দেহজনক হামে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১৯ জন খুলনা জেলায়। এরপর রয়েছে কুষ্টিয়া ১৪ জন, মাগুরায় ৮ জন, চুয়াডাঙ্গায় ৪ জন, নড়াইল ও মেহেরপুরে ৫ জন করে এবং সাতক্ষীরায় একজন রয়েছে। জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, খুলনায় মোট ১ হাজার ৮৪৮ জনের সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় ২ হাজার ৬৭৫ জন সন্দেগজনক হামে আক্রান্তের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। মাগুরায় সন্দেহজনক হামে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৬ জন এবং ঝিনাইদহে ৯১০ জন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাম আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা এবং নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।


