মশক নিধন বা পরিচ্ছন্নতা বজায় রাখতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন

# নগরীর ২২নং ওয়ার্ডে মশকনিধন কার্যক্রম উদ্বোধনকালে কেডিএ চেয়ারম্যান মনা #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, নগরীকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পাশাপাশি নাগরিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু প্রশাসনিক পদক্ষেপ দিয়ে মশক নিধন বা পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়; এজন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর ২নং ওয়ার্ড নাগরিক ফোরামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, কেডিএ পরিকল্পিত ও আধুনিক নগর গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিক ফোরামের মতো সামাজিক সংগঠনগুলো যদি নিজ নিজ এলাকায় এভাবে সচেতনতামূলক কাজ চালিয়ে যায়, তবে খুব দ্রুতই আমরা এক পরিচ্ছন্ন ও মশামুক্ত সুন্দর খুলনা উপহার দিতে পারবো। এসময়ে আরও উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম খুলনার কেন্দ্রীয় মহাসচিব ইকবাল হাসান তুহিন, ২২নং ওয়ার্ড শাখার সভাপতি কাজী পারভেজ মাহবুব চঞ্চল, সাধারণ সম্পাদক শাহ মাহমুদ, আল বাব উল ইসলাম, তানভীর, মাসুদুর রহমান, মোহাম্মদ লুৎফর রহমান, রিফাত হায়াত খান আদর, শেখ তৈবুর রহমান, সৈয়দ মোহাম্মদ রাফাত ও মোহাম্মদ জালাল উদ্দিন রুমি প্রমুখ।


