খুলনায় এক দিনে দুই যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় এক দিনে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে রাকিব খান (২৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। একই দিন সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে ইয়ানুর গাজী (২২) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় তাঁর পরিচয় শনাক্ত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বটিয়াঘাটা থানার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারের কাছে কাজীবাছা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে। খবর পেয়ে তাঁর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। রূপসা নৌ-পুলিশ মরদেহের আইনগত কার্যক্রম শুরু করেছে। রাকিবের মা রোকসানা বেগম জানান, গত ১ সেপ্টেম্বর থেকে তাঁর ছেলে নিখোঁজ ছিলেন। এর আগে খুলনা মহানগরীর জেলখানা ঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় নিখোঁজদের মধ্যে রাকিব ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। অন্যদিকে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে। ইয়ানুর যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ২ নম্বর ওয়ার্ডের নজরুল গাজী ও মাহফুজা বেগমের ছেলে। ফুলতলা থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, ইয়ানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবার জানায়, ইয়ানুর মানসিকভাবে অসুস্থ ছিলেন। নারকেল ও সুপারি পেড়ে পাওয়া অর্থে নিজের খরচ চালাতেন। গত ১০-১২ দিন ধরে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।


