খুলনায় প্রকাশ্যে ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীতে প্রকাশ্যে ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে অস্ত্রধারীরা। দুই অস্ত্রধারী যুবকের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর দোকানের সাইনবোর্ড ও ভেতরের দেয়ালে আঘাত করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান আশিকুর। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরীর সদর থানাধীন বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্য সড়কে গুলির ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আশিকুর রহমান বাগমারা মেইন রোডের মা মোটরস নামের একটি দোকানে বসে কথা বলছিলেন। এ সময় দুই যুবক সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানের সাইনবোর্ড এবং ভেতরের দেয়ালে লাগে। দেয়ালে গুলির চিহ্ন ও ছিদ্র দেখা গেছে।
আশিকুর রহমান নগরীর ৮৪, শের-এ-বাংলা রোড, হাজী বাড়ির মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ভাঙ্গারি ব্যবসার সঙ্গে জড়িত।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। হামলার পেছনে চাঁদাবাজি, পূর্ববিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তদন্ত শেষে তা স্পষ্ট হবে।
নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান চলার মধ্যেই দিনের বেলায় প্রকাশ্যে গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



