খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ২৫৫ ডেঙ্গু রোগী ভর্তি

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হলেও এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ২৪ ঘন্টায় খুলনায় ১০৯ জন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৭৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি জন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন, বাগেরহাটে ২৬ জন, সাতক্ষীরায় ১১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, যশোরে ২১ জন, ঝিনাইদহে ৯ জন, মাগুরায় ৮ জন, নড়াইলে ১২ জন এবং কৃুষ্টিয়ায় ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বাগেরহাটে ২ জন এবং যশোরে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৬ হাজার ৮১৬ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে মোট ২৫ জনের মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলা ভিত্তিক হিসাবে, খুলনায় ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। চলতি বছরে খুলনা জেলায় মোট ২ হাজার ৯০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এ জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬৮ জন রোগী ভর্তি রয়েছেন এবং মৃতু্যৃ হয় ২ জনের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং এ হাসপাতালে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটে এ পর্যন্ত ১ হাজার ২৯৯ জন, যশোরে ৭৪৪ জন, নড়াইলে ২৭২ জন, মাগুরায় ১৭৪ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৫ জন, ঝিনাইদহে ১৩২ জন, মেহেরপুরে ১০৭ জন, সাতক্ষীরায় ১৩০ জন, কুষ্টিয়ায় ১৪৯ জন, চুয়াডাঙ্গায় ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৩৩৪ জন পর্যন্ত ওঠার তথ্যও প্রকাশিত হয়েছে।



