রূপসায় ‘আমার দেশ’ প্রতিনিধির ছেলেকে ডেকে নিয়ে মারধর

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় ‘আমার দেশ’ পত্রিকার রূপসা উপজেলা প্রতিনিধি মো. বাবর হোসেন বাকির ছেলে আব্দুল্লাহ যোবায়েরকে (১৯) ডেকে নিয়ে মারধর, কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শাহজালাল লস্কর (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রূপসা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর মোবাইল ফোনে ডেকে নিয়ে শাহজালাল লস্কর যোবায়েরকে রাতে নিজের বাড়িতে রাখেন। পরদিন তাকে ঘরে আটকে চাপাটি ধরে ভয় দেখিয়ে কথিত স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। পরে মারধর ও কুপিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে এক ভ্যানচালক তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও বলা হয়, যোবায়েরের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ অর্থও নিয়ে নেওয়া হয়েছে। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীর দাবি। রূপসা থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, তিনি বর্তমানে থানার বাইরে রয়েছেন। সন্ধ্যার পর থানায় ফিরে অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



