কয়রায় দখলীয় জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় নিজেদের ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ সুফিয়া বেগম নামে এক নারী। শনিবার বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে সুফিয়া বেগম জানান, তিনি কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার গ্রামের বাসিন্দা। উত্তর বেদকাশী মৌজার এসএ ৭৪০ নম্বর খতিয়ানের রেকর্ডীয় মালিক অমূল্য ও রাখাল চন্দ্রের সম্পত্তি আবু দাউদ মোল্লা ক্রয় করে দীর্ঘদিন ভোগদখলে ছিলেন। পরবর্তীতে একাধিক দলিলের মাধ্যমে ওই সম্পত্তি তার ও তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তারা জমিটি ঘেরা দিয়ে প্রায় ২৫-২৬ বছর ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে ঐ নারী অভিযোগ করেন, সম্প্রতি একই গ্রামের সাহেব আলী পুত্র বুলবুলি তার আত্মীয় স্বজন সহ প্রায় ২৫-২৬ জন ব্যক্তি ওই জমি দখল করতে যায়। এমনকি এখনও ঐ জমি দখলের চেষ্টায় হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী আদালতে মামলা করেছেন। মামলার আদেশ অনুযায়ী দখলভিত্তিক স্থিতি বজায় রাখা এবং শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কয়রা থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। সুফিয়া বেগমের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ঘেরা বেড়া ভাঙচুর, লুটপাট ও ধানের পাতা জোর করে তুলে ফেলেন। এ সময় তাকে বাঁধা দিলে জীবননাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি বিজ্ঞ কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জমির শান্তিপূর্ণ দখল নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন সুফিয়া বেগম।



