বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার ৬শ লিটার ভোজ্যতেল জব্দ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার ৬শ লিটার ভোজ্যতেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোর নামে এক মুদি ব্যবসায়ী মো. সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। এসময় অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ৭৮ ব্যারেল অর্থ্যাৎ ১৫ হাজার ৬শ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলে সবুর ও তার লোকজন। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী অবৈধভাবে মজুদ করা এই তেল জব্দের নির্দেশ দেন। তবে অবৈধ মজুদকারী মো. সবুর তালুকদারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্টগার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অবৈধ মজুদকারী মো. সবুর তালুকদার এর আগেও একবার র্যাবের হাতে আটক হয়েছিলেন। তখনও বিপুর পরিমাণ ভোজ্যতেল জব্দ করা হয়েছিল।



