জনস্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে গুরুত্বের সাথে প্রধানমন্ত্রী এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে জনগণকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন

# ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে কেসিসির প্রশাসক #
স্টাফ রিপোর্টার ঃ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপি বিশেষ কর্মসূচি ‘‘দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’’ বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকাল ১০টায় নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন। র্যালি উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরীর কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদেরও সম্মিলিতভাবে খুলনা মহানগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে তিনি র্যালির উদ্বোধন ঘোষণা করেন। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে র্যালিটি নগরীর শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাদিস পার্কে এসে শেষ হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা, সিনিয়রে লাইডসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম, লাইসেন্বস অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান, লাইসেন্স শাখা (যান) দেলোয়ার হোসেনসহ কেসিসি’র সকল কর্মকর্তা-কর্মচারী, কেএমপি, জেলা প্রশাসন, বিএনসিসি, ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ারসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ র্যালিতে অংশগ্রহণ করেন।উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপি এ কর্মসূচির উদ্বোধন করেন। দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন উদ্বোধনী অনুষ্ঠানের সাথে অনলাইনে সরাসরি সংযুক্ত ছিল। খুলনা সিটি কর্পোরেশনও নগরীর শহিদ পার্ক থেকে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত থেকে বিশেষ এই কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। র্যালী শেষে শহিদ হাদিস পার্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখে প্রধানমন্ত্রী দেশব্যাপি তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, জনস্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে অত্যন্ত গুরুত্বের সাথে প্রধানমন্ত্রী এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে জনগণকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। সরকারের প্রত্যেকটি বিভাগ ও প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে তার প্রতিষ্ঠানের এলাকা পরিচ্ছন্ন করলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেক সহজ হবে। তিনি বলেন, যে জীবনগুলি আমাদের মাঝ থেকে ঝরে গেছে তা ফিরিয়ে আনা সম্ভব হবে না। তবে ডেঙ্গুতে আর যাতে কোন জীবন ঝরে না যায় সমন্বিত প্রয়াস ও পরিকল্পনায় সেই চেস্টাটা করতে হবে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে তিনি কেসিসি’র কার্যক্রম তুলে ধরে বলেন তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান আছে। পাশাপাশি আরো তিনটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে এবং রেড জোনে অতিরিক্ত লোকবল নিয়োগ করে মশক নিধন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে।



