থুকড়া আরআরজিজিটি মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া রামকৃষ্ণপুর আর.আর.জি.জি.টি. মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উক্ত বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিউপিএফ) খুলনা বিভাগের সাবেক সভাপতি ও রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও আর.আর.জি.জি.টি. মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব গাজী তফসীর আহমেদ।
স্কুলের প্রধান শিক্ষক বি এম কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা বাবু দিলিপ কুমার রায়, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গাজী শাহেদুজ্জামান বাবু, খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামিম, ইউপি সদস্য গোলাম রব্বানী, থুকড়া ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বি এম সাদেকুল ইসলাম, বিএনপির নেতা স ম মমতাজ উদ্দিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, বাবু অঘর চন্দ্র মন্ডল, তপন মন্ডল, অতীশ ঠিকাদার, প্রদীপ রায়, সরদার গোলাম মোস্তফা, অনাদী মহন মন্ডল, শেখ আসাদুজ্জামান, খান আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া, গাজী হোসেন আলী, মুক্তা শেখ, রেজাউল শেখ, মোল্লা নিজামুদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে গাছের চারা তুলে দিয়ে বলেন, গাছ আমাদের পরম বন্ধু, আমাদের অক্সিজেন সরবরাহ করে। গাছ লাগাতে ইসলাম ধর্মেও গুরুত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে আমাদের সবাইকেই যার যার অবস্থান থেকে গাছ লাগাতে হবে। তাহলে আমরা এবং প্রকৃতি ভালো থাকবো। তিনি সকলের প্রতি গাছ লাগানোর আহ্বান জানান।



