নগরীর দৌলতপুরে মোটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দাখিল করলেও পুলিশ চোরদের গ্রেফতার ও অভিযোগ রেকর্ড ভুক্ত করেনি। এ নিয়ে বাদী ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, “আমি শেখ ফিরোজ হোসেন ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার সময় আমার মোটরসাইকেলটি দৌলতপুর দেয়ানা উত্তর পাড়া পুরাতন জামে মসজিদের পাশে সঠিকভাবে হ্যান্ডেল লক করে একটি নিজস্ব কাজে পাশে যাই। কাজ শেষে ২০ মিনিট পর অর্থাৎ রাত ১০:৫০টার সময় ফিরে এসে দেখি আমার মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিকভাবে আমি আশেপাশে ব্যাপক খোঁজাখুঁজি । ঘটনাস্থলের পাশের বাড়ির এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ১ ও ২ নম্বর বিবাদীকে (রাফি ও মোঃ শামিম) উক্ত সময়ে আমার লাল রঙের মোটরসাইকেলটি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে দেখেছেন। এলাকার ছেলে হিসেবে বিবাদীরা প্রায়ই ওই এলাকায় মোটরসাইকেল নিয়ে যাতায়াত করায় উক্ত প্রত্যক্ষদর্শী বিষয়টি প্রথমে স্বাভাবিক মনে করে তাদের থামাননি। কিন্তু পরবর্তীতে আমি আমার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর (খুলনা মেট্রো-হ-১৩-৪২৪৪) ও সুনির্দিষ্ট লাল রং বর্ণনা করলে তিনি নিশ্চিত করেন যে, উল্লিখিত ১ ও ২ নম্বর বিবাদীগণই পরিকল্পিতভাবে আমার মোটরসাইকেলটি নিয়ে গেছে। ঘটনার পর আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে বিবাদীদের নিজ বাসায় যাই। কিন্তু তাদের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং তারা ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে। পরবর্তীতে বিবাদীদের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তারা প্রথমে ফোন রিসিভ করেই আমার কথা শুনে সাথে সাথে ফোন কেটে দেয় এবং ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ করে দেয়। বিবাদীদের এই ধরনের চরম সন্দেহজনক আচরণ, আত্মগোপন এবং প্রত্যক্ষদর্শীর বিবরণে এটি সুস্পষ্ট ও নিশ্চিত যে, ১ ও ২ নম্বর বিবাদীগণ পরস্পর যোগসাজশে ও অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় আমার মোটরসাইকেলের হ্যান্ডেল লক ভেঙে চুরি করে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে রেখেছে। ঘটনার পারিপার্শ্বিকতা ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে বিবাদী নাজমুলের ছেলে রাফি ও খোরশেদ হাওলাদারের ছেলে মোঃ শামিমসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে বিবাদীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আমার চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সদয় মর্জি হয়।” অভিযোগটি তদন্ত করছেন দৌলতপুর থানার এসআই তন্ময়। তিনি বলেন, অভিযোগটি তদন্ত শুরু করেছি। শিগগিরই ফলাফল পাওয়া যাবে।



