ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রেও : জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট : রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দিয়েছে। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ধ্বংস করে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়।
তার ভাষ্য, তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।
সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির।
তিনি বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্যদিকে চলছে এই খেলা।
এ ধরনের ঘটনা আর কত দিন চলবে—এমন প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, দুষ্কৃতকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
তিনি সতর্ক করে বলেন, তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।



