স্থানীয় সংবাদ

ফারাক্কার প্রভাবে ভরাট হচ্ছে দক্ষিণ-পশ্চিমের নদী-খাল : পরিবেশ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ঃ ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী-খাল ভরাট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তাঁর ভাষ্য, ওপর থেকে মিষ্টি পানির প্রবাহ না থাকায় নিচ থেকে আসা পলি জমে কয়েকশ খাল-বিল এবং প্রায় ৫৪টি নদী ভরাট হয়ে গেছে। একই সঙ্গে বাড়ছে লবণাক্ততা। সুন্দরবন ও এ অঞ্চলের প্রাণ-প্রকৃতি রক্ষায় ভারতকে বাংলাদেশের প্রাপ্য মিষ্টি পানির হিস্যা দিতে হবে।
শনিবার ( ২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও বিকাশ লিমিটেডের যৌথ বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, শুধু আলোচনা বা কূটনৈতিক বক্তব্যে মিষ্টি পানির সংকটের সমাধান হবে না। ভারতের সঙ্গে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। সম্প্রতি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকেও বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। ওপর থেকে মিষ্টি পানি না এলে সাগরের লবণাক্ত পানি ও মিষ্টি পানির সংযোগস্থলে সুন্দরীসহ সুন্দরবনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে।
তিনি বলেন, মানুষের কিংবা কোনো দেশের হস্তক্ষেপে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে সুন্দরবন রক্ষা কঠিন হবে। সুন্দরবনের পাশে থাকা লাল শ্রেণির শিল্পপ্রতিষ্ঠানগুলোর দূষণ নিয়ন্ত্রণেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সরকার সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রায় সাড়ে ৩ কোটি গাছ লাগানো হয়েছে। আরও ২ কোটি কেওড়ার চারা ও বীজ প্রস্তুত রয়েছে। আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে উপকূলীয় এলাকায় এসব রোপণ করা হবে। ফেব্রুয়ারি থেকে পরবর্তী ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, নির্বিচারে বৃক্ষরোপণ নয়; কোন এলাকায় কোন গাছ লাগানো হবে তা নির্ধারণ করে সুষম বৃক্ষায়ন করা হবে। পাহাড়, সমতল, উপকূল, কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে এনজিওসহ বিভিন্ন সংগঠনকে যুক্ত করা হচ্ছে।
বজ্রপাত মোকাবিলায় এ বছর যশোর, মাগুরা, নড়াইল, খুলনা ও সাতক্ষীরায় প্রায় ১ লাখ ২০ হাজার তালগাছ লাগানো হয়েছে বলেও জানান তিনি। তাল, নারকেলসহ উঁচু গাছের সংখ্যা বাড়ানো গেলে বজ্রপাতের ঝুঁকি কমানোর সম্ভাবনা রয়েছে।
খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা ও বৈদ্যুতিক বাস চালুর মতো প্রকৃতিনির্ভর কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোগের লক্ষ্য শুধু পরিবেশ রক্ষা নয়; নদী-খাল পুনরুদ্ধার, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানোও এর উদ্দেশ্য।
প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন উদ্যোগের প্রশংসা করে শেখ ফরিদুল ইসলাম বলেন, খুলনাকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করা সবার দায়িত্ব। বিকাশের সহযোগিতায় খুলনা শহরে বৃক্ষরোপণ ও গাছের রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিন বছর গাছগুলোর পরিচর্যার ব্যবস্থাও করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। স্বাগত বক্তব্য দেন কেসিসির প্রধান নির্বাহী রাজিব আহমেদ। আরও বক্তব্য দেন খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা বিভাগীয় বন সংরক্ষক মো. ইমরান আহমেদ, কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম রুবায়েত আবদুল্লাহ এবং বিকাশের এভিপি হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকাশের মারিয়া হাসান ঐশী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button