স্থানীয় সংবাদ
যশোর চৌগাছায় নারকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছায় নারকেল গাছ থেকে পড়ে রাশিদুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশিদুল ইসলাম ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের রফি উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল শ্বশুরবাড়ি চৌগাছার শিবনগর গ্রামে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে শ্বশুরবাড়ির দক্ষিণ পাশে নারকেল গাছে উঠে ডাব পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



