নগরীতে আল হেলালের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আল আমিন জমাদ্দারের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল-সিএসএস ও স্বেচ্ছাসেবী সংস্থা আল হেলালের পরিচালনায় আয়োজিত ক্যাম্পে সভাপতিত্ব করেন আল হেলালের সভাপতি মোহাম্মাদ জাহিদুল ইসলাম।
ক্যাম্পে আগত রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়। এছাড়া চোখের ছানি ও অন্যান্য জটিলতায় আক্রান্ত প্রয়োজনীয় রোগীদের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ছানি অপারেশন ও চিকিৎসাসেবা নিতে আগ্রহী রোগীদের নির্ধারিত সময়ে ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে হয়। পরীক্ষার ফলাফল ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশনের জন্য রোগী নির্বাচন করা হয়।
আল হেলালের সভাপতি মোহাম্মাদ জাহিদুল ইসলাম জানান, সুবিধাবঞ্চিত ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।



