জাতীয় সংবাদ

মহাকাশে একসঙ্গে তিন স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের

প্রবাহ রিপোর্ট ঃ চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) শহিদ সোলেইমানি স্যাটেলাইট নক্ষত্রম-লের তিনটি স্যাটেলাইট একসঙ্গে কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে ইরান। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাত্তার হাশেমি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহাকাশশিল্পের উন্নয়ন ইরান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাশিয়ার সহযোগিতায় একই সঙ্গে তিনটি ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণকে এই খাতে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। হাশেমি জানান, পায়া, জাফর ও কাওসার নামের এই তিনটি স্যাটেলাইট তৈরি করা হয়েছে সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে। ইরানের মহাকাশ অবকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তবে সাম্প্রতিক যুদ্ধে দেশটির কিছু মহাকাশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রী বলেন, চাবাহার স্পেস সেন্টারের প্রথম ধাপের নির্মাণকাজ প্রায় ৯৮ শতাংশ শেষ হয়েছে। এর আগে কাজের অগ্রগতি ছিল প্রায় ৪০ শতাংশ। এই কেন্দ্রটি যোগাযোগ ও রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হবে। এ ছাড়া নাহিদ-২ স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পরিকল্পনাও জানিয়েছে ইরান। হাশেমি বলেন, এই স্যাটেলাইটটি প্রথমবারের মতো কু-ব্যান্ড প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এর উন্নয়নকাজে একজন নারী নির্বাহী গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। টেলিযোগাযোগের কাজে নাহিদ-২ ব্যবহার করা হবে। হাশেমি জানান, শহিদ সোলেইমানি স্যাটেলাইট নক্ষত্রম-লে মোট ২৪টি স্যাটেলাইট থাকবে। এর মধ্যে ১৮টি মূল স্যাটেলাইট এবং ছয়টি রিজার্ভ হিসেবে রাখা হবে। চলতি ইরানি বছরের মধ্যে তিনটি স্যাটেলাইট একসঙ্গে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। বাকি স্যাটেলাইটগুলো পরবর্তী বছরগুলোতে পর্যায়ক্রমে কক্ষপথে পাঠানো হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button