নতুন নাম ও প্রতীক পেল মমতার দল

প্রবাহ রিপোর্ট : মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নতুন নাম হলো ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। দলটির প্রতীক ফুটবলার। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম হলো ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’। তাদের প্রতীক খাম। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা আসনে উপনির্বাচনের আগে প্রতীক যুদ্ধে ইতি টেনে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের এমন নাম ও প্রতীক চূড়ান্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচনে মমতা ও ঋতব্রত শিবিরের প্রার্থীরা এই প্রতীক এবং দলের হয়ে নির্বাচনে লড়াই করবেন। শুক্রবার দুপুরে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।
এর আগে বিধানসভা উপনির্বাচনে লড়াই করার জন্য তৃণমূল কংগ্রেসের বিবাদমান দুই গোষ্ঠী নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়।
উল্লেখ্য যে, ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যাত্রা শুরু হয়। নিজের দলের নাম যেমন তার দেওয়া, তেমনি ঘাসের উপরে জোড়া ফুল প্রটিকটিও তার নিজের হাতে আঁকা বলে জানা যায়। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দীর্ঘ ১৫ বছর ছিল। চলতি বছর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপরেই দলটির জোড়া ঘাসফুল প্রতীক দখলের লড়াই শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলের মধ্যে।



