স্থানীয় সংবাদ

লোহাগাড়ায় রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তারসহ আটক ২

নড়াইল (লোহাগড়া প্রতিনিধি) ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধোপাদাহ গ্রাম থেকে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার মূল্য দুই লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া চারটি ধারালো রামদা উদ্ধারসহ তারকাটার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদকে (২০) আটক করা হয়েছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি এবং ৩৩ কেভি তামার তার সংঘবদ্ধ চোরচক্র চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অবহিত করে অভিযোগ দায়ের করে।
এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকবলসহ অভিযানে নামে জেলা ডিবি পুলিশ। ওইদিন বিকেলে এ অভিযান শেষ হয়। অভিযানের এক পর্যায়ে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় বিভিন্ন ধরনের তার চুরির আলামত পাওয়া যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে পদ্মা রেলওয়ে প্রকল্পের ১১ কেভি এবং ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের (তার) মূল্যবান তামার ৯০ কেজি তার, সাদা অ্যালুমিনিয়ামের ২৫ কেজি তার, তামার তারের কালো কাভারের পোড়া-আপোড়া অংশ, তার কাটার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, একটি শাবল, চোরাই মালামাল দুমড়ে-মুচড়ে ফেলার লোহার যন্ত্র (দুরমুজ) এবং প্রায় ৮৫ কেজি পুরাতন লোহার রডের টুকরা উদ্ধার করা হয়। এছাড়া বিদ্যুতের তার সংযোগ দেওয়ার জন্য ১৩ কেজি ওজনের একটি লোহার পাত উদ্ধার করা হয়েছে।
এদিকে, অভিযান চলাকালে চোরাইকৃত অন্যান্য তামার তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে ধোপাদাহ মধ্যপাড়ার নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় রিহাদের হেফাজতে থাকা বড় আকারের চারটি ধারালো রামদা খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button