স্থানীয় সংবাদ

নড়াইলে আ.লীগের সাবেক ২ কমিশনারসহ ১২ নেতাকর্মী কারাগারে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে ঘিরে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় নড়াইলের লোহাগড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। লোহাগড়া থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কর্মসূচিকে কেন্দ্র করে লোহাগড়ায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা চলছিল। এমন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোপীনাথপুরের সাবেক পৌর কমিশনার মো. মোজাম খাঁ, কলেজপাড়ার সাবেক কমিশনার আনিচুর রহমান আনিচ, চর মল্লিকপুরের মো. ফরিদ শেখ, কাশিপুরের মো. সাজ্জাদুর জামান কচি, আল আমিন গাইন ও জামির হোসেন অপি, নলদীর মো. বাদশা মোল্যা, লক্ষ্মীপাশার জালাল উদ্দিন বিপ্লব (বিপু), পোদ্দারপাড়ার মো. মহাসিন মোল্লা, কলাগাছির মো. করিম শেখ ও মো. মাহাবুর মোল্যা এবং দাসের ডাঙ্গার মো. আকতারুজ্জামান ফকির। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা চালানো, ঝটিকা মিছিলের প্রস্তুতি ও নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিহত করতে এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button